হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

হাঙ্গেরিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই বিদেশী নাগরিক ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন
হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন |সংগৃহীত

হাঙ্গেরিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুদাপেস্টের ১২২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গিয়র এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) ভোরে পশ্চিম হাঙ্গেরির এম১ মহাসড়কে যানজটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মিনিবাসের সংঘর্ষ হয়। এতে বাসটির সাত যাত্রী নিহত ও দু’জন আহত হন। এর আগে একই এলাকায় ট্রাকের সাথে একটি গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেছেন, নিহতরা সবাই বিদেশী নাগরিক ছিলেন।

তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

মাগিয়ার নিহতদের জাতীয়তা নির্দিষ্ট করে বলেননি এবং পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই পুরুষ ছিলেন। মিনিবাসটিতে মলদোভার লাইসেন্স প্লেট ছিল এবং প্রথম দুর্ঘটনাকবলিত ট্রাকটিতেও মলদোভার লাইসেন্স প্লেট ছিল।

সূত্র: রয়টার্স