যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী সপ্তাহে দায়িত্ব ছাড়ার আগে তিনি এ সফর করছেন।
ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ডাউনিং স্ট্রিট ছাড়ার আগে স্টারমার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন।
তিনি জেলেনস্কিকে জানাবেন, তার স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব গ্রহণের পরও ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অটল থাকবে।
স্টারমারের কার্যালয় থেকে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের অটল সমর্থন সব সময় বজায় থাকবে।’
শুক্রবার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হবেন বার্নহ্যাম। এরপর রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পর সোমবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
গত ২২ জুন লেবার পার্টির সংসদ সদস্যদের আস্থা হারানোর পর, স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। অভ্যন্তরীণ নীতিতে একাধিক অবস্থান পরিবর্তনের কারণে তার জনপ্রিয়তা কমে যায়।
তবে ইউক্রেন ইস্যুতে ভূমিকা ও ন্যাটোর প্রতি অঙ্গীকারের কারণে অনেক বিদেশী নেতার কাছে তিনি উচ্চ মর্যাদা অর্জন করেছেন।
স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্ভাব্য শান্তি চুক্তির পর রাশিয়াকে নিরুৎসাহিত করার লক্ষ্যে একটি শান্তিরক্ষী বাহিনী গঠনের উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন।
সোমবার ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০ বিলিয়ন ইউরো (১০৩ বিলিয়ন ডলার) সহায়তা ঋণ কর্মসূচিতেও যোগ দেয় যুক্তরাজ্য।
সূত্র: বাসস



