মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার অব্যাহত থাকায় ইতালিতে চলতি বছরে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও আরো বেড়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়েছে, বছরের শুরু থেকে ৪৩২ জন নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন এবং ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর ৪৩০ জন আক্রান্ত হয়েছিলেন এবং ২৭ জনের মৃত্যু হয়েছিল।
সংস্থাটি আরো জানিয়েছে, এখন পর্যন্ত শনাক্ত ও নিশ্চিত হওয়া ভাইরাসটির নিউরোইনভেসিভ (স্নায়ু-আক্রমণকারী) ধরনের ক্ষেত্রে মৃত্যুর হার ৭ দশমিক ২ শতাংশ।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রধানত মানুষ, ঘোড়া ও পাখিদের আক্রান্ত করে এবং এটি মশার মাধ্যমে ছড়ায়।
আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশের কোনো উপসর্গ দেখা যায় না, যেখানে ১৯ শতাংশ ফ্লুর মতো উপসর্গ অনুভব করেন এবং ১ শতাংশের মধ্যে স্নায়বিক উপসর্গ দেখা দেয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



