‘ককরোচ’র প্রতিষ্ঠাতা অভিজিৎ অসুস্থ

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন দীপকে। বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বৃহস্পতিবার নিজের অসুস্থতার কথা জানান অভিজিৎ দীপকে
বৃহস্পতিবার নিজের অসুস্থতার কথা জানান অভিজিৎ দীপকে |সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি আরো জানান, বিশ্রামের জন্য সাময়িকভাবে দূরে থাকলেও সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে তিনি ফিরে আসবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দীপকে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি।’

তিনি লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমার সাথে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।’

অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। অন্যদিকে, পুলিশের অভিযোগ, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া ভিড়কে আটকাতে গেলে তাদের উদ্দেশ করে পাথর ও বোতল ছোঁড়া হয়।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন দীপকে। বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সূত্র : বিবিসি