পাকিস্তানে ৭২ ঘণ্টায় সেনাবাহিনীর অভিযানে ২১ বিদ্রোহী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোয়েন্দা ঘাঁটিতে গত ৭২ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে চার প্রধান নেতাসহ ভারত-সমর্থিত গোষ্ঠীর ২১ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযান
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযান |সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোয়েন্দা ঘাঁটিতে গত ৭২ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে চার প্রধান নেতাসহ ভারত-সমর্থিত গোষ্ঠীর ২১ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় এ অভিযান চালানো হয়।

এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, জেলাটিতে ধারাবাহিক গোয়েন্দা-ভিত্তিক অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ ও তার আশপাশের একাধিক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, তীব্র গোলাগুলির পর খালিদ রাজা ওরফে সালার, মুফতূন, মুসা ও ইমরান ওরফে আয়ান নামে চিহ্নিত চারজন নেতাসহ আরো ২১ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

আইএসপিআর জানিয়েছে, ‘নিহত খারজি চক্রের প্রধানরা নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এই অভিযান অত্যন্ত জরুরি ছিল।’

এর আগে, গত সপ্তাহে মিরান শাহে একই ধরনের এক অভিযানে ভারত-সমর্থিত ২৭ জন বিদ্রোহী নিহত হন।

শনিবার সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, ‘এখন পর্যন্ত এই অত্যন্ত দক্ষ ও সুনির্দিষ্ট অভিযানগুলোতে মোট ৪৮ জন খারজি নিহত হয়েছেন।’

সূত্র: জিও নিউজ