নেপাল ও চীনের অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২২০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় চার হাজার ৭৬২ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৪৪ জন বিদেশী নাগরিক। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এটা জানা গেছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে এক হাজার ২০৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩০১ জন আহত এবং প্রায় চার হাজার ২১৬ জন নিখোঁজ হয়েছেন।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত প্রায় ৯০০ জন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
তারা জানায়, বন্যাকবলিত এলাকা থেকে ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হয়েছে।
নেপালে আকস্মিক বন্যায় প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার তথ্যমতে, সীমান্তের চীনা অংশে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশী নাগরিক।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



