ভারতে দেড়শ কোটি রুপির বেশি সম্পত্তির মালিক এক ব্যক্তিকে তার নিজের ছেলেই গুলি করে হত্যা করেছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদিনগর এলাকায় জমিজমা নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এনডিটিভ (১৬ জুলাই) জানিয়েছে, বুধবার গভীর রাতে মদপ্য অবস্থায় ৩২ বছর বয়সী নিখিল তার ৫২ বছর বয়সী বাবা হরিওম চৌধুরীকে লক্ষ্য করে একে একে ৪ থেকে ৬টি গুলি চালায়। ঘটনাস্থলেই হরিওমের মৃত্যু হয়।
নিহত হরিওম চৌধুরী মোদিনগর থানা এলাকার বুদানা গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকার প্রভাবশালী ও ধনী কৃষক হিসেবে তার পরিচিতি ছিল। সব মিলিয়ে তার সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১৫০ কোটি রুপি। পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী অনিতা এবং ছোট ছেলে নীশু রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বড় ছেলে নিখিল চরম মদ্যপ ছিল এবং এই অভ্যাস নিয়ে বাবা প্রায়ই তাকে বকাঝকা করতেন। বুধবার রাতে হরিওম তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় নিখিল চরম মাতাল অবস্থায় দেরিতে বাড়ি ফেরে। মদ খাওয়া নিয়ে বাবা তাকে শাসন করতেই দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে নিখিল আচমকা পিস্তল বের করে বাবাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশের তদন্তে জানা গেছে, নিখিলের এমন সহিংস আচরণ এবারই প্রথম নয়। ২০১৮ সালেও মদ্যপানের বিষয় নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাই নীশুকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল নিখিল। পুলিশ এবারে সেই পুরোনো মামলাটিও নতুন করে খতিয়ে দেখছে।
হত্যাকাণ্ডের পর নিখিল তার পিস্তলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মোদিনগরের এসিপি জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।



