ভারত টানা তিনটি সফল পরীক্ষার মাধ্যমে তাদের বহুমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (বিএমডি) সক্ষমতা প্রমাণ করেছে।
শনিবার (১৩ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ ও ১১ জুন এই সফল পরীক্ষাগুলো চালানো হয়। এর মাধ্যমে ভারত এখন সেইসব শক্তিশালী দেশগুলোর কাতারে যোগ দিল, যাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দেয়ার মতো উন্নত প্রযুক্তি রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই ধারাবাহিক পরীক্ষার মূল লক্ষ্য ছিল শত্রুর বিভিন্ন ধরনের হুমকি থেকে দেশকে রক্ষা করা। তিনটি ফ্লাইটে মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ঠেকানোর প্রযুক্তি এবং মাঝারিপাল্লার জাহাজ বিধ্বংসী সক্ষমতা যাচাই করা হয়েছে।
পরপর তিনটি ফ্লাইট টেস্ট বলতে বোঝায় একটির পর একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটির কার্যকারিতা ও নিখুঁত নিশানার ধারাবাহিকতা প্রমাণ করা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই প্রথম মাঝারিপাল্লার নৌ-বাহিনীর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন পরীক্ষা করা হয়েছে। এর ফলে ভারত এখন বিশ্বের সেই বিশেষ দেশগুলোর একটি, যারা স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি সমুদ্রেও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এই অর্জন দেশটির সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



