ভারতের প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, এর আগেও আনুষ্ঠানিকভাবে তাদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।
বার্তাসংস্থা এএনআইকে জিতেন্দ্র সিং বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার জন্য সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন মতো সময় দিতেও প্রস্তুত। সরকার গতকাল বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য চারবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সব তরুণ বন্ধুদের খোলা আমন্ত্রণ জানাচ্ছি যে, সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময়ে সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’
জিতেন্দ্র সিং জানিয়েছেন, জেপি নাড্ডার কার্যালয়ে অথবা তার বাসভবনে এই বৈঠক হতে পারে।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি ব্যক্তিগতভাবে আলোচনায় উপস্থিত থাকব। আশা করি, আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটি সমাধানের দিকে এগিয়ে যাব।’
আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার ওপর জোর দিয়ে জিতেন্দ্র সিং বলেছেন, ‘ছাত্র-ছাত্রীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সবাইকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’
সূত্র: বিবিসি



