চলন্ত ট্রেনে ফের হামলার শিকার আরএসএস প্রধান, বগি লক্ষ্য করে ছোড়া হলো পাথর

আগেও যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্যে আরএসএস প্রধানকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেবার ভেঙেছিল লক্ষ্ণৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের জানলার কাচ। ওই ট্রেনের সি-৪ কোচে ছিলেন মোহন ভাগবত। চলতি বছরের ফেব্রুয়ারি আসে ঘটে ওই ঘটনা।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় মোহন ভাগবত অক্ষত থাকলেও, ক্ষতি হয়েছে ট্রেনের ওই বগির কাচের
হামলায় মোহন ভাগবত অক্ষত থাকলেও, ক্ষতি হয়েছে ট্রেনের ওই বগির কাচের |সংগৃহীত

আবারো ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে বহনকারী ট্রেনের বগি লক্ষ্য করে পাথর ছুড়ে হামলা করেছে দুর্বৃত্তরা। দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের যে বগিতে তিনি বসেছিলেন, সেটিকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে ওই চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়, তবে কারা করেছে এ কাজ তা এখনো জানা যায়নি।

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় মোহন ভাগবত অক্ষত থাকলেও, ক্ষতি হয়েছে ট্রেনের ওই বগির কাচের। এই হামলার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

আগেও যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্যে আরএসএস প্রধানকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেবার ভেঙেছিল লক্ষ্ণৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের জানলার কাচ। ওই ট্রেনের সি-৪ কোচে ছিলেন মোহন ভাগবত। চলতি বছরের ফেব্রুয়ারি আসে ঘটে ওই ঘটনা।

আর এবার ঘটনাটি ঘটলো ওই উত্তরপ্রদেশেরই ফিরোজাবাদ জেলার টুন্ডলা স্টেশনের কাছে। সেখানকার জিআরপির কর্মকর্তা শের সিং জানিয়েছেন, দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের ই-১ কোচে ছিলেন আরএসএস প্রধান। কানপুর থেকে দিল্লিগামী ট্রেনটি মাকখানপুর স্টেশন অতিক্রম করার পরে, সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ, জানলার কাচে পাথর ছোড়া হয়। ওই জানলার কাচের বাইরের দিক ভাঙলেও অক্ষত আছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান। ওই খবর পাওয়ার পরই টুন্ডলা স্টেশনে ঢোকার মুখে ট্রেনটিকে দাঁড় করানো হয়। পরে নিরাপদে যাত্রা করে ট্রেনটি।

রেল পুলিশ সূত্র জানায়, যে জানলায় পাথর ছোড়া হয় তার অন্য দিকে বসেছিলেন আরএসএস প্রধান। খবর পাওয়ার পরই সেখানে যান আগ্রা জোনের এডিজি এস কে ভগত এবং ডিআইই শৈলেশ পাণ্ডে। ওই ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছেন তারা।

কারা এবং কেন এই পাথর ছোড়ে তার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন আগ্রা জোনের এডিজি। তবে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের সিনিয়র পুলিশ সুপার আদিত্য লাঙ্গে।