লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ে অন্তত ১৪টি শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, লাহোর জেনারেল হাসপাতালের দেয়া প্রাথমিক তালিকা অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে আটজনেরই বয়স ছিল মাত্র ৫ থেকে ১৬ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশু উপস্থিত ছিল।
লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপারেশনস ফয়সাল কামরান দ্য ডনকে নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় সময় রাত সাতটার দিকে উদ্ধারকাজ শেষ হয়েছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে বাড়ির মালিক ও সম্প্রতি বাড়িটি নির্মাণ করা ঠিকাদারসহ দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। বাড়ির একটি অংশের নির্মাণকাজ চলার সময় ছাদটি ধসে পড়ে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, দুটি কক্ষে শিশুরা পড়তে বসেছিল এবং ছাদ ধসে তারা ভেতরেই আটকে পড়ে।
উদ্ধারকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়, একটি আবাসিক ঘরের টিআর গার্ডার দিয়ে তৈরি ছাদটি হঠাৎ করেই ধসে পড়ে।
লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মাহমুদ জানান, ভবনটিতে স্থানীয় এক নারী প্রাইভেট কোচিং সেন্টার চালাচ্ছিলেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর পরই লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা জারি করে আহত শিশুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।



