পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রুর সন্ধান চলছে

২০২০ সালের পর এটিই পাকিস্তানে প্রথম বড় কোনো বিমান দুর্ঘটনা

নয়া দিগন্ত অনলাইন
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে |সংগৃহীত

পাকিস্তানের ওরমারার দক্ষিণে আরব সাগরে বিধ্বস্ত হওয়া কে২ এয়ারওয়েজের একটি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ১২ ঘণ্টার টানা অভিযানের পর পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি গভীর সমুদ্রের ৫৩ নটিক্যাল মাইল দূর থেকে এটি খুঁজে পায়। তবে বিমানের ভেতরে থাকা পাঁচজন ক্রুর খোঁজ এখনো মেলেনি, তাদের উদ্ধারে তৎপরতা চলছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন (৮ জুলাই) এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, মঙ্গলবার রাতে শারজাহ থেকে করাচি আসার পথে বেসরকারি এয়ারলাইনসটির বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি নিখোঁজ হয়। পাকিস্তান সময় রাত ৯টা ২১ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং নৌ, বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সব শক্তি দিয়ে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্ধারকাজ পাকিস্তানের নৌবাহিনী এবং বিমান বাহিনী একযোগে চালিয়েছে।

২০২০ সালের পর এটিই পাকিস্তানে প্রথম বড় কোনো বিমান দুর্ঘটনা।