লোকসভা-বিধানসভা থেকে একই দিনে সাসপেন্ড মমতাপন্থী ২ তৃণমূল কংগ্রেস নেতা

কুণাল ঘোষের পাল্টা অভিযোগ করেছেন যে, বিজেপি চাইছে সরকার তারা চালাবে, বিরোধীদেরও তারা চালাবে। পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না।’

নয়া দিগন্ত অনলাইন
কল্যাণ ব্যানার্জী ও কুণাল ঘোষ
কল্যাণ ব্যানার্জী ও কুণাল ঘোষ |সংগৃহীত

নারী সংসদ সদস্যের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে ভারতের লোকসভার বাদল অধিবেশন থেকে বুধবার সাসপেন্ড হয়েছেন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী। যদিও কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে নারী সংসদ সদস্যের এই অভিযোগের খুঁটিনাটি এই মুহূর্তে স্পষ্ট নয়।

ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা বুধবার সংসদে বলেন, ‘কল্যাণ ব্যানার্জী আমাদের নারী সংসদ সদস্যদের সাথে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ স্পিকার গ্রহণ করেছেন। এটি আমাদের নারী সংসদ সদস্যের এবং হাউসের কার্যধারার বিরুদ্ধে যায়। সংসদ সদস্যের ব্যবহার খুব আপত্তিকর।’

তারপর কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন কুমার মেঘওয়াল লোকসভায় নারী সংসদের সাথে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগে কল্যাণ ব্যানার্জীকে লোকসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখেন। স্পিকার সংসদ সদস্যদের মৌখিক ভোটের ভিত্তিতে সেই প্রস্তাব স্বীকার করেন।

তৃণমূল কংগ্রেসের সাবেক নেত্রী এবং বর্তমানে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’র সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, ‘কল্যাণ ব্যানার্জী নারীদের আক্রমণ করেন, তাদের সাথে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং সবাইকে গালি দেন। আজও তিনি নারীদের গালি দিচ্ছিলেন, সেই কারণে লোকসভার বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়।’

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর, কাকলি ঘোষ দস্তিদার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি জমা দেন। সেই চিঠিতে তিনি অভিযোগ করেন- কল্যাণ ব্যানার্জী লোকসভায় তার সাথে দুর্ব্যবহার করেছেন। তিনি কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণের অভিযোগও তোলেন। সেই সময়ে, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।

একই দিনে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দিয়েছেন।

কুণাল ঘোষের পাল্টা অভিযোগ করেছেন যে, বিজেপি চাইছে সরকার তারা চালাবে, বিরোধীদেরও তারা চালাবে। পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না।’

সূত্র : বিবিসি