ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা কয়েক সপ্তাহের টানা প্রতিবাদের মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে বেশ কিছু বার্তা দিয়ে গেছেন তিনি।
ধর্মেন্দ্র প্রধান লেখেন, ‘নিট-ইউজি’ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে চলমান বিতর্ক যাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কোনো ক্ষতি এবং ‘দেশবিরোধী শক্তি’ যেন এ উত্তপ্ত পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে হিন্দিতে লেখা এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে ধর্মেন্দ্র মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে সাম্প্রতিক সব জটিলতার নৈতিক দায় নিজের ঘাড়ে নেন। তবে একইসাথে এ সঙ্কট মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপগুলোর পক্ষে জোরাল সাফাই গান।
ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, ‘প্রথম দিন থেকেই আমি আমার দায়িত্ব স্বীকার করেছি এবং এ পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি।’
সদ্য সাবেক এ মন্ত্রী উল্লেখ করেন, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ও কারচুপি শনাক্ত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তাৎক্ষণিকভাবে এর তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করে। সেইসাথে বিতর্কিত ওই পরীক্ষা বাতিল করে অতি শিগগিরই একটি নতুন পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়।
ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, গত ২১ জুনের সেই পুনঃপরীক্ষা কেন্দ্র, রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সমন্বয়ে সরকারি সর্বাত্মক প্রচেষ্টায় সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা সফল হওয়ার দাবি করার পাশাপাশি বিদায়ী এ শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, পুরো বিতর্ক চলাকালে ‘দায়িত্বশীল পদে আসীন কিছু ব্যক্তি’ সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। এটি তাকে ‘গভীরভাবে ব্যথিত’ করেছে।
চিঠিতে ধর্মেন্দ্র সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেননি।
ধর্মেন্দ্র প্রধান বলেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে ভীষণভাবে মর্মাহত করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে এ পুরো বিষয় তার ‘ব্যক্তিগত মর্যাদার লড়াই’ নয়; বরং শিক্ষার্থীদের সুরক্ষা এবং দেশের ঐক্য বজায় রাখার তাগিদ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র লিখেছেন, ‘দিল্লির যন্তর মন্তরসহ সারাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে এবং দেশবিরোধী কোনো শক্তি যেন এর সুবিধা নিতে না পারে, দেশের ঐক্য যেন অক্ষুণ্ন থাকে, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎও যাতে আইনি জটিলতায় আটকে না যায় এবং আমাদের সন্তানেরা যেন পড়াশোনা ও ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে—সেসব নিশ্চিত করতেই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তরুণ সমাজ যেন কোনোভাবেই ‘ভুল তথ্য ও বিভ্রান্তির ফাঁদে’ পা না দেয়, সেই আহ্বানও জানান ধর্মেন্দ্র।
সূত্র : হিন্দুস্তান টাইমস



