নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে
নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে |সংগৃহীত

নেপালে গত সপ্তাহে ঘটা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। নদীতে ভেসে যাওয়া কিছু লাশ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ভোটেকোশি ও ত্রিশূলি নদীর বন্যায় নিহতদের লাশ এখনো উদ্ধার করা হচ্ছে। নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় লাশ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি লাশ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।

পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু লাশ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

সূত্র : বিবিসি