এবার মোদির পদত্যাগ চান ককরোচেরা

অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নেয়ার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকে।

নয়া দিগন্ত অনলাইন
সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়ার পর অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে
সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়ার পর অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে |সংগৃহীত

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে।

শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেয়ার পরই দিপকে এই ঘোষণা দিয়েছেন। তার দাবি, পুলিশ জোর করে সোনম ওয়াংচুককে নিয়ে গেছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় দিপকে বলেন, ‘তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব।’

তিনি আরো বলেন, ‘এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি জানাব।’

সিজেপি এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ‘‘অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন।’

হাসাপাতালে ওয়াংচুক

ভারতের নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করেছে, অনশন কর্মসূচির ২১তম দিনে পুলিশ জোর করে ওয়াংচুককে সরিয়ে নিয়েছে।

নয়াদিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছেন, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে তার জরুরি চিকিৎসা নিশ্চিত করতেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন করছেন। ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে অনশন শুরু করেন তিনি।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছিলেন, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের ওজন প্রায় ৮.৭ কেজি কমে গেছে এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন।

সূত্র : ডয়চে ভেলে