শব্দ দূষণ নিয়ন্ত্রণের নামে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মসজিদগুলো থেকে মাইক খুলে ফেলার প্রতিবাদে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেছেন স্থানীয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) তিনজন বিধানসভা মুসলিম সদস্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিল্লিতে অমিত শাহর সাথে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দাবি করেন, শব্দদূষণ রোধে সুপ্রিম কোর্টের নির্দেশিকা যেন সব ধর্মের ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মকে এর জন্য টার্গেট করা উচিৎ নয়।
সাক্ষাতে যাওয়া তিন সংখ্যালঘু এমপি হলেন- আবু তাহের, খলিলুর রহমান এবং সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। স্বল্প সময়ের বৈঠকে তারা রাজ্যে মসজিদ থেকে মাইক খুলে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করেন।
বৈঠক শেষে আবু তাহের স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইন তখনই তাদের কাছে গ্রহণযোগ্য হবে, যখন তা সব ধর্মের আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। দুর্গাপূজা বা কালীপূজার ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হলে তাদের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, কিন্তু বেছে বেছে শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে মসজিদ থেকে মাইক নামানোর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক।
সূত্রের খবর, সাক্ষাৎকালে অভিযোগ শোনার পর অমিত শাহ এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, রাজ্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যেকোনো উপাসনালয়ে উচ্চস্বরে লাউডস্পিকার বাজানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নির্দেশিকা মেনেই সম্প্রতি রাজ্যজুড়ে একাধিক মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
তবে পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যেই ‘স্বেচ্ছাচারী’ আচরণের অভিযোগ তুলে সরব হয়েছে আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও এই বিষয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র : পুবের কলম



