ভারতে নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের পর রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার অভিযোগ, কংগ্রেস এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের অন্য নেতাকর্মীরা নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগের পাশাপাশি সোমবার ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ মিছিলে ছাত্রদের ওপর পুলিশের ‘নির্মমতা’র প্রতিবাদও ছিল এই কর্মসূচির অন্যতম দাবি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হলেও রাত ৯টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। আটক করা হয় অখিলেশ যাদবকেও।
কংগ্রেসের এই কর্মসূচিকে উদ্দেশ্য করে ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বাদল অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশে কংগ্রেস লজ্জাজনকভাবে ছাত্রদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তার দাবি, প্রধানমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ নিরাপত্তাবিধি লঙ্ঘন করেছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।
‘সমাধান নয়, রাজনৈতিক নাটক’
শিক্ষামন্ত্রীর অভিযোগ, সরকার নিট এবং পরীক্ষায় অনিয়ম-সংক্রান্ত সব বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত ছিল। তবুও কংগ্রেস গণতান্ত্রিক পথ ছেড়ে রাজনৈতিক নাটককেই বেছে নিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী তাকে জানিয়েছিলেন যে প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনা হলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। সরকারের পক্ষ থেকে সেই দাবিতে সম্মতি জানানো হলেও পরে কংগ্রেস নতুন শর্ত তোলে বলে তার অভিযোগ।
ছাত্রদের জন্য ‘জবাবদিহি ও সংস্কার’
ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘ভারতের ছাত্ররা রাজনৈতিক প্রচারের পুতুল হওয়ার চেয়ে অনেক ভালো কিছুর যোগ্য। তাদের প্রয়োজন বিশৃঙ্খলার বদলে নিশ্চিত ভবিষ্যৎ, স্লোগানের বদলে সমাধান এবং দায়িত্বজ্ঞানহীনতার বদলে জবাবদিহি।’
নিটসহ পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ছাত্র-যুবকদের উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় সরকার সংস্কার, জবাবদিহি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
সূত্র: দ্য ওয়াল



