শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার তদন্ত শুরু

‘রাজধানীর উত্তরে অবস্থিত ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দু’টি চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়।’

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগার
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগার |সংগৃহীত

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার ঘটনায় আজ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে ও এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

সোমবারের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেগোম্বো কারাগারের ভেতরে সশস্ত্র পুলিশ ও কমান্ডো মোতায়েন না করা হলেও কারাগারের চারপাশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিচারমন্ত্রী হর্ষানা নানায়াক্কারা মঙ্গলবার পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্তও শুরু হয়েছে।

পুলিশ জানায়, মৃতের সংখ্যা অন্তত ২৭। এর মধ্যে রাতে আরো একজন বন্দীর মৃত্যু হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর উত্তরে অবস্থিত ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দু’টি চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়।

নানায়াক্কারা জানান, সংঘর্ষের সময় বন্দিরা একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে।

চিকিৎসকরা জানান, নেগোম্বো হাসপাতালে এখনো ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৩ জন কারারক্ষী। তারা গুলিবিদ্ধ, কাটা জখম ও গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এছাড়া আরো ১৯ জন বন্দী কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এক পুলিশ কর্মকর্তা এএফপি-কে জানান, সোমবার দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে সাতজন কারারক্ষী নিহত হন। বাসস