নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৪৮ জন বিদেশী নাগরিক।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপাল-চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

নেপাল ও চীনের সরকারি হিসাব অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৮৪৮ জন বিদেশী নাগরিক।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটির বন্যাদুর্গত জেলাগুলো থেকে এক হাজার ৩৬৭টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫৮৭ বিদেশী নাগরিকসহ মোট পাঁচ হাজার ১৩২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এখন পর্যন্ত ১৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, চীনের তিব্বত অঞ্চলে ভূমিধসে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৬১ বিদেশী নাগরিকসহ মোট ৫১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি