শুক্রবার ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে ছাত্র-আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশব্যাপী সব শিক্ষার্থীকে এই আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নয়া দিগন্ত অনলাইন
যন্তর মন্তরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ
যন্তর মন্তরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ |সংগৃহীত

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া আন্দোলন ধীরে ধীরে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে ছাত্র-আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। দেশব্যাপী সব শিক্ষার্থীকে এই আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সব প্রান্তের ছাত্র-ছাত্রীরা এই আন্দোলনে যোগ দিন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের জন্য এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা ক্রমাগত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করে চলেছে।

সিজেপি একটি ডিজিটাল প্রচারপত্রের মাধ্যমে এই প্রতিবাদ আন্দোলন সম্পর্কে তথ্য শেয়ার করছে। এ প্রচারপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। জনগণকে বিপুল সংখ্যায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ করে সংহতি প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

সংগঠনটি প্রতিটি জেলায় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে এবং জানিয়েছে যে, দেশজুড়ে পুলিশি নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশ করতে এ আন্দোলনটি পরিচালিত হবে।

আন্দোলনকারীদের পোস্টারগুলোতে লেখা রয়েছে, ‘প্রতিটি জেলা। একদিন। একটাই দাবি।’

সিজেপি জানিয়েছে, বিক্ষোভস্থলে শিক্ষার্থীদের দাবিগুলো প্রকাশ্যে পাঠ করে শোনানো হবে এবং যারা আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের মুখে পড়েছেন, তাদের প্রতি সংহতিও জানানো হবে।

সংগঠনটি বলেছে, কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়া তাদের ওয়েবসাইটে রয়েছে।

‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলে দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

সূত্র: আজতাক