জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর সর্বোচ্চ মাত্রার ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ সতর্কতা জারি করে।
আবহাওয়া ও ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ভূমিধস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অঞ্চলগুলোতে ইতোমধ্যেই দুর্যোগ ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’
সংস্থাটি জোর দিয়ে বলেছে, জীবন ‘আসন্ন বিপদের’ মধ্যে রয়েছে এবং ঝড় অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের জানিয়েছে যে, যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো খুব ঝুঁকিপূর্ণ হয়, তবে তাদের উচিত পাহাড় ও নদী-নালা থেকে দূরে অবস্থিত কোনো ভবনে আশ্রয় নেয়া।
জেএমএ সতর্ক করেছে, বিশেষ সতর্কতা জারির জন্য অপেক্ষা করলে নিরাপদে স্থানে যেতে প্রায়শই অনেক দেরি হয়ে যায়।
সংস্থাটি বলেছে, ‘নিজের এবং প্রিয়জনদের জীবন রক্ষা করতে অপেক্ষা করবেন না।’
জনসাধারণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



