এক মাসে ১০৮ সাংবাদিক আক্রান্ত : ফিলিস্তিনে থামছে না ইসরাইলি হামলা

সাংবাদিকদের কাজের গতি থমকে দিতেই চালানো হচ্ছে চরম নির্যাতন।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের ওপর হামলা করছে ইসরাইলি বাহিনী
সাংবাদিকদের ওপর হামলা করছে ইসরাইলি বাহিনী |সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসেই ফিলিস্তিনি সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর অন্তত ১০৮টি হামলার ঘটনা ঘটেছে।

ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা যৌথভাবে এসব আক্রমণ চালিয়েছে। রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

সিন্ডিকেটের ফ্রিডমস কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, সাংবাদিকদের কাজের গতি থমকে দিতেই চালানো হচ্ছে চরম নির্যাতন। গত মাসে সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি চলেছে সংক্ষিপ্ত আটক ও সংবাদ সংগ্রহে বাধার ঘটনা, যার সংখ্যা ৫৮টি। এ ছাড়া ফিলিস্তিনি সংবাদকর্মীরা সংবাদ কভার করতে গেলে ইসরাইলি বাহিনী সরাসরি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়েছে ১২টি ঘটনায়, যার ফলে অনেকেই শ্বাসকষ্টে ভোগেন। ৬ জন সাংবাদিককে সরাসরি পেটানো হয়েছে এবং গাজার পরিস্থিতি কভার করতে গিয়ে স্প্লিন্টারের আঘাতে মারাত্মক রক্তাক্ত হয়েছেন ৪ জন।

হামলা কেবল রাস্তায় সীমাবদ্ধ থাকেনি; সাংবাদিকদের ঘরবাড়ি এবং সংবাদমাধ্যমের কার্যালয়ে চারবার অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি সংবাদমাধ্যম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। অন্তত তিনটি ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ বা ধ্বংস করেছে দখলদার বাহিনী। দুটিতে ধারনকৃত ফুটেজ মুছে ফেলা হয়েছে এবং দুবার আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে। পাশাপাশি বসতি স্থাপনকারীরা সাংবাদিকদের ওপর শারীরিক হামলা, ধাক্কাধাক্কি ও হুমকি দেয়ার মতো ১১টি ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মাধ্যমে ফিলিস্তিন গণমাধ্যমের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সময়ে রূপ নিয়েছে। এই হামলায় কেবল আল জাজিরারই ১২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা যেকোনো একক গণমাধ্যমের জন্য সর্বোচ্চ।

সংবাদকর্মীরা যাতে কোনো ভয়ভীতি, হামলা বা তাড়া খাওয়া ছাড়া স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন—জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেই দাবি জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট। একই সাথে তারা এসব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি দাবিও করেছে।