ইরানে মোসাদের ২১ গুপ্তচর গ্রেপ্তার : বড় চক্রান্ত বানচাল

কেরমান প্রদেশের গোয়েন্দা অধিদপ্তরের সদস্য বা 'ইমাম জামানের অজানা বিশ্বস্ত সৈনিকদের' ধারাবাহিক বুদ্ধিমত্তা ও কার্যকর অভিযানের মাধ্যমে এই গুপ্তচর চক্রটিকে ধরা সম্ভব হয়েছে

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি |সংগৃহীত

ইরানের কেরমান প্রদেশে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ২১ গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাজধানী তেহরানের নগর পরিষদ থেকে প্রকাশিত অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন বৃহস্পতিবার (৬ আগস্ট) জানায়, কেরমান প্রদেশের গোয়েন্দা অধিদপ্তরের সদস্য বা 'ইমাম জামানের অজানা বিশ্বস্ত সৈনিকদের' ধারাবাহিক বুদ্ধিমত্তা ও কার্যকর অভিযানের মাধ্যমে এই গুপ্তচর চক্রটিকে ধরা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতের অত্যন্ত স্পর্শকাতর এবং গোপন কেন্দ্রের তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাচ্ছিল। তবে গোয়েন্দাদের সতর্ক নজরদারিতে তাদের সেই অপচেষ্টা ধরা পড়ে যায়।

এই অভিযানের এখানেই শেষ হয়নি, ইরান গোয়েন্দারা ওই প্রদেশ থেকে আরো ৪ জন সশস্ত্র অপরাধীকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র, সামরিক ও শিকারের গোলাবারুদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।

পাশাপাশি, ফারসি 'দেই ১৪০৪' (গ্রেগরিয়ান দিনপঞ্জি অনুযায়ী যা ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি সময়কাল) সালের অভ্যুত্থান চেষ্টার সাথে যুক্ত মূল চক্রের বিরুদ্ধেও কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় জড়িত আরো ৫ জন সশস্ত্র সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ৪ জনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে বিচার বিভাগের হাতে তুলে দেয়া হয়েছে।