মিসরের দক্ষিণাঞ্চলের সিনাই প্রদেশে বুধবার (২ সেপ্টেম্বর) একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং আরো ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নুয়েইবার দিকে যাওয়ার পথে দাহাব-নুয়েইবা সড়কের আল-সাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ১৬ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে।
খালেদ আবদেল গাফফার চিকিৎসা কেন্দ্রগুলোকে তাদের প্রস্তুতির মাত্রা বাড়াতে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ ও সরঞ্জাম সরবরাহ করার নির্দেশ দিয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



