ইসরাইলি কারাগারে আটক ৩৭০ ফিলিস্তিনি শিশু

ইসরাইলি কারাগারে প্রায় ৩৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক রাখা হয়েছে। ফিলিস্তিনি বন্দী অধিকার কেন্দ্রের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
একটি ইসরাইলি কারাগার
একটি ইসরাইলি কারাগার |সংগৃহীত

ইসরাইলি কারাগারে প্রায় ৩৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক রাখা হয়েছে। ফিলিস্তিনি বন্দী অধিকার কেন্দ্রের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আগস্টের শুরু পর্যন্ত ইসরাইলের হেফাজতে থাকা নয় হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী ও আটককৃতদের মধ্যে এই শিশুরাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের আটক এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনায় সীমাবদ্ধ নেই, বরং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমজুড়ে চালানো গ্রেফতার অভিযানের একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই ইসরাইলি বাহিনী ২৭৬ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে।

সংস্থাটি ইসরাইলের প্রশাসনিক আটকের অব্যাহত ব্যবহারের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে, যা অপ্রকাশিত প্রমাণের ভিত্তিতে ফিলিস্তিনিদের অভিযোগ বা বিচার ছাড়াই নবায়নযোগ্য মেয়াদের জন্য আটক রাখার সুযোগ দেয়।

ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শিশুসহ আটককৃতদের কঠোর পরিস্থিতিতে রাখা এবং তাদের পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার জন্য ইসরাইলি কর্তৃপক্ষকে বারবার অভিযুক্ত করেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি