ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, বেইত লাহিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত ও আরো দু’জন আহত হয়েছেন।
সূত্রটি আরো জানায়, পরে ইসরাইলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও বাড়িঘরের ওপর গুলি চালালে আরো একজন ফিলিস্তিনি নিহত হন।
ইসরাইল ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় তার সামরিক অভিযান শুরু করে। এই অভিযান দুই বছর ধরে চলে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরাইল তা লঙ্ঘন অব্যাহত রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় এক হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৪২৯ জন আহত হয়েছেন।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রায় ৭৩ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ৭৪ হাজার ৫৪০ জন আহত হয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



