ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, কয়েক সপ্তাহ আগে গাজা শহরের উত্তরে গুলিবিদ্ধ হয়ে ছয় বছর বয়সী দাউদ মুকাতার মৃত্যু হয়। অন্যদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) শহরের রেমাল এলাকায় একদল বেসামরিক নাগরিকের ওপর ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে সুবহি আল-বাতরিখি মারা যান। এতে গত ২৪ ঘণ্টায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে সাতজন হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, গাজা শহরের তুফাহ এলাকার আবাসিক ভবনগুলোতে ইসরাইলি বিমান হামলা চালানোর পর ভোরের দিকে গাজাজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর আল-বাতশ ও হাবিব পরিবারের বাড়ি এবং হাইফা হাসপাতালের ভবনসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই



