২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ের তুলনায় ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দিকে আরো বেশি ঝুঁকতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক অ্যালান আইয়ার।
আল জাজিরা রোববার (১৩ সেপ্টেম্বর) জানায়,মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের বিশিষ্ট কূটনৈতিক ফেলো এবং ইরান পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক আইয়ার আল জাজিরাকে বলেন, ‘ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা আপনি কেড়ে নিতে পারবেন না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কৌশল শিখে ফেলেছে। তাই আপনি কেবল তাদের সেই অস্ত্র তৈরির ইচ্ছা বদলানোর চেষ্টা করতে পারেন।’
তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির কিছু যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে, এই সব যন্ত্রপাতি আবার তৈরি করা সম্ভব। তবে দেশটির প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা ক্রমাগত বেড়েছে।
আইয়ার বলেন, ‘কীভাবে সেন্ট্রিফিউজ তৈরি করতে হয়, কীভাবে আরো বেশি পরিমাণে এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়—এসব বিষয়ে তাদের জ্ঞান দ্রুত এগিয়েছে।’
তার মতে, এ কারণে ইরানকে আগে মেনে নেয়া পরমাণু কর্মসূচির বিধিনিষেধে ফিরিয়ে আনার সম্ভাবনা এখন কম। অন্যদিকে দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে—এমন সম্ভাবনা আরো বেড়েছে।



