বিশ্বকাপের মঞ্চে এখন টানটান উত্তেজনা। প্রথম ম্যাচে কিউইদের সাথে ড্র করার পর এবার ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম। তবে এই লড়াই শুধু ফুটবল ম্যাচেই সীমাবদ্ধ নেই। পাশাপাশি মাঠের পারফরম্যান্স দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বমঞ্চে সংহতির জোরালো বার্তা ফুটিয়ে তুলতে চায় ইরান। তাই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য মুখিয়ে আছে তারা।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের দাবি, এবারের আসরে মাঠ ও গ্যালারি থেকে ইসরাইলি পতাকা পুরোপুরি হঠাতে হবে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বর্ণবাদী ইসরাইলকে চিরতরে বহিষ্কার করতে হবে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ওপর চালানো জুলুমের প্রতিবাদে বিশ্বজুড়ে যে তুমুল জনমত তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটছে এবারের আসরে। ফিফা যাতে অনতিবিলম্বে ইসরাইলকে বহিষ্কার করে, সেই দাবি এখন আরো জোরালো। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে আগামীকাল রোববার রাতে যখন ইরান মাঠে নামবে, তখন তাদের লক্ষ্য থাকবে কেবল বেলজিয়ামকে বধ করা নয়, বরং মাঠের পারফরম্যান্স দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বমঞ্চে সংহতির জোরালো বার্তা দেয়া।
এদিকে, বেলজিয়ামের বিপক্ষে রণকৌশল নিয়ে ইরানের ফুটবল বিশেষজ্ঞ আলিরেজা মোহাম্মদ জানিয়েছেন, এবারের লড়াইটা একদম ভিন্ন ধাঁচের হতে যাচ্ছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরান দু’বার পিছিয়ে পড়েও রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবির দুর্দান্ত গোলে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে। ওই ম্যাচে কিউইদের দীর্ঘ পাসের ফুটবল আর ক্রিস উডের আক্রমণ সামলাতে সাঈদ এজাতোল্লাাহিকে আরেকটু নিচে নামিয়ে রক্ষণভাগ মজবুত করলে হয়তো পুরো তিন পয়েন্টই পকেটে আসত। তবে প্রথম ম্যাচের জড়তা কেটে গেছে এবং রামিন রেজাইয়ানের গোল ও অ্যাসিস্টের দারুণ ফর্ম ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে।
যদিও বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়ার দল প্রথম ম্যাচে মিসরের সাথে ১-১ গোলে ড্র করে বেশ চাপে আছে। তাই তারা ইরানকে পুরোপুরি অ্যানালাইসিস করেই মাঠে নামবে।
তবে ইরান যদি শুরু থেকেই শুধু রক্ষণাত্মক না খেলে নিজেদের শক্তির ওপর ভরসা রাখে, তবে বেলজিয়ামের রক্ষণভাগ গুঁড়িয়ে দেয়া অসম্ভব কিছু নয়।
ইরানি শিবিরে রয়েছে মেহেদি তোরাবি ও মেহেদি গায়েদির মতো দারুণ গতিময় ও কৌশলী ফুটবলার, যারা প্রতি আক্রমণে প্রতিপক্ষকে এক নিমেষেই বোকা বানিয়ে দিতে পারেন। কোচ আমির গালিনোইয়ের শিষ্যরা যদি ম্যাচের পরিস্থিতি বুঝে কখনো চাপ সামলানো আর কখনো অল-আউট প্রেসিং ফুটবল খেলার সঠিক পরিকল্পনা সাজাতে পারেন, তবে বেলজিয়ামকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা ইরানি দলটি এখন গ্রুপ পর্ব পার হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন আর ইসরাইলবিরোধী চেতনার আগুন বুকে নিয়ে ইরানের এই লড়াকু দল বেলজিয়ামের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিতে নিজেদের সবটুকু উজাড় করে দিতে মুখিয়ে আছে।



