ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং হাজিয়াবাদে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত এক ঘণ্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
আল জাজিরা রোববার (১২ জুলাই) জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির তেমুরি জানিয়েছেন, অন্তত ১০ থেকে ১১টি ‘শত্রু ক্ষেপণাস্ত্র’ কেশম দ্বীপকে লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে স্বস্তির খবর হলো, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গভর্নর স্পষ্ট করে বলেছেন, আক্রান্ত হওয়া সবকটি স্থানই ছিল সামরিক অবস্থান।
ইরনা আরো জানিয়েছে, শুধু কেশম দ্বীপই নয়, একই সময়ে বন্দর আব্বাস নামের বন্দর নগরী এবং হাজিয়াবাদ এলাকা থেকেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সরকারি সূত্রগুলো ইরনাকে নিশ্চিত করেছে যে, যেসব এলাকায় আঘাত হানা হয়েছে তার সবগুলোই সামরিক ঘাঁটি। এই হামলার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।


