ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেইন কোলিভান্দ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেয়া তৃতীয় দফার যুদ্ধের সময় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে সাত হাজার ২৫০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করেছেন।
ইসফাহানে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
কোলিভান্দ বলেছেন, উদ্ধারকর্মীরা অনুসন্ধান অভিযান, শহীদদের লাশ উদ্ধার ও স্থানান্তরের পাশাপাশি জীবিত মানুষদের উদ্ধারের কাজেও অংশ নিয়েছেন।
তিনি জানান, অনেক ঘটনায় রেড ক্রিসেন্টের দল চার মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও তারা ঘটনাস্থল ছেড়ে যায়নি।
তরুণ উদ্ধারকর্মীদের প্রশংসা করে কোলিভান্দ বলেছেন, বিপদের মুখে থেকেও জীবন রক্ষার জন্য তারা নির্ভয়ে ঘটনাস্থলে প্রবেশ করেছেন।
তিনি আরো বলেন, মানবিক নিরপেক্ষতার অর্থ উদাসীন থাকা নয়। যুদ্ধাপরাধ ও মানবিক আইন লঙ্ঘনের মুখে রেড ক্রিসেন্ট নীরব থাকতে পারে না।
কোলিভান্দ বলেন, চিকিৎসা ও ত্রাণকেন্দ্র এবং মানবিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য-প্রমাণ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জমা দেয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
সূত্র : পার্সটুডে



