ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুই পাননি বরং তিনি পুরোপুরি পরাজিত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম।
সোমবার (১৫ জুন) সকালে আল-মায়াদিন নেটওয়ার্কের বরাতে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলোর দাবি, মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার নামে দুই ইহুদিকে বিপুল অর্থের বিনিময়ে কিনে নিয়েছে কাতার। ফলে এই দুই প্রভাবশালী মার্কিন কর্মকর্তা ইসরাইল সরকারের ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়া নিজেদের ছায়া দেখে ভয় পেয়ে আরব দেশগুলোও এখন যুদ্ধবিরতিতে উসকানি দিচ্ছে এবং গোটা অঞ্চলে শান্তি ফেরাতে ইরানকে শত কোটি ডলার দিতে চাচ্ছে।
ইসরাইলি টেলিভিশনের সাংবাদিক সলোমন মাসুদেহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই চুক্তিতে পরমাণু বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—কোনো সমস্যারই সমাধান হয়নি, উল্টো ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পেয়ে গেছে।
ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল-১৪ জানিয়েছে, ট্রাম্প তাদের সাথে যা করেছেন তা এতটাই খারাপ যে ব্যাখ্যা করাই কঠিন।
পাশাপাশি চ্যানেল-২৪ বলেছে, ট্রাম্প ইরানকে একের পর এক সুবিধা দিলেও বিনিময়ে কিছুই পাচ্ছেন না।
ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্যদের বরাতে তারা জানায়, লেবানন থেকে ইরানের ইস্যুকে আলাদা করার চক্রান্ত ব্যর্থ হয়েছে।’
এদিকে, ট্রাম্পের এই চুক্তির গতি থামাতে বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল কান।
ইসরাইলি গণমাধ্যমের মতে, এই চুক্তির ফলে ইরানিরা তাৎক্ষণিক যুদ্ধবিরতির মতো বড় সাফল্য পেয়েছে, যার কারণে ইসরাইলকে লেবাননেও অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।
সূত্র: ইরনা



