ইরানের সাথে যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক চুক্তির পর বেশিভাগ ইসরাইলি মনে করছেন, এই দফায় তেহরানই বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এক নতুন জরিপে অংশ নেয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরাইলি নাগরিক স্পষ্ট ভাষায় বলেছেন, পুরো সঙ্কটে ইরানই জয়ী হয়েছে।
হিব্রু ইউনিভার্সিটির পরিচালিত জরিপ ইসরাইলের ভেতরের ভয়াবহ হতাশা ও আমজনতার মানসিক বিপর্যয়ের ছবি ফুটিয়ে তুলেছে। যুদ্ধের ফল নিয়ে দেশটির ৮৬ শতাংশ মানুষের মনে তীব্র নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সাধারণ মানুষের বড় অংশই মনে করছেন, এই সঙ্ঘাত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে আরো নাজুক করে দিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ থেকে বড় ধরনের সাফল্য পাওয়ার যে দাবি করছেন, দেশের মানুষ তা মোটেও বিশ্বাস করছেন না। প্রায় ৭২ দশমিক ৫ শতাংশ নাগরিক নেতানিয়াহুর মুখের ওপর অনাস্থা প্রকাশ করেছেন। দেশের ৮৭ শতাংশের বেশি মানুষের স্পষ্ট মত, ইসরাইল তার মূল লক্ষ্যগুলো অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন, তাকে ৫৬ দশমিক ৪ শতাংশ মানুষই দুর্বল ও ব্যর্থ হিসেবে আখ্যা দিয়েছেন। সাধারণ ইসরাইলিদের এই ক্ষোভ ও অবিশ্বাস প্রমাণ করে যে তেল আবিব সরকারের যুদ্ধের নীতি তাদের কতটা বিপর্যস্ত ও নিরাপত্তাহীন করে তুলেছে।
এমন ভয়াবহ সঙ্কটের মধ্যেও লেবাননের হিজবুল্লাহর সাথে নতুন করে বড় ধরনের সামরিক সঙ্ঘাতের জড়ানোর পক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ইসরাইলি।
এমনকি এই পদক্ষেপের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকলেও তারা পিছু হটতে রাজি নন।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে চালানো এই জরিপটিতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরাইলি নাগরিক অংশ নেন। হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শীর্ষস্থানীয় জনমত জরিপ, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান আগাম ইনস্টিটিউট এই জরিপটি পরিচালনা করে। এ প্রতিষ্ঠানটি আগাম ল্যাবস নামেও পরিচিত।
সূত্র : টাইমস অব ইসরাইল



