গাজায় ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, আহত ১১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৯ আগস্ট) ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ১১ জন।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ইসরাইলের চালানো হামলা
গাজায় ইসরাইলের চালানো হামলা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৯ আগস্ট) ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ১১ জন।

গাজার খান ইউনিসে একটি ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। এদিকে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তেল আল-হাওয়া মহল্লায় একটি বাইসাইকেলকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও দু’জন আহত হন।

গাজা উপত্যকার আল-আকসা শহীদ হাসপাতালের একটি ওষুধের গুদাম লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

অন্যদিকে, গাজার দেইর আল-বালাহ এলাকায় জমিতে কাজ করার সময় কৃষকদের লক্ষ্য করে চালানো ইসরাইলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। খান ইউনিসে পৃথক আরেকটি হামলায় একজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৩৬১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের চালানো হামলায় কমপক্ষে ৭৩ হাজার ৪৪৯ জন নিহত এবং এক লাখ ৭৪ হাজার ৪৭২ জন আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি