মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি রোববার এনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এই 'যুদ্ধে হেরে গেছেন'। সংঘাত অব্যাহত থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং তেহরান দিন দিন শক্তিশালী হচ্ছে।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু, সোমবার (১০ আগস্ট) জানায়, মারফি সরাসরি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র আরো দুর্বল হচ্ছে, ইরান আরো শক্তিশালী হচ্ছে।' কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারো চালুর পথ সুগম করতে এবং যুদ্ধ শেষ করতে তিনি এমনকি একটি 'খারাপ চুক্তি' মেনে নিতেও রাজি আছেন। তিনি জানান, কূটনৈতিক আলোচনা থমকে থাকায় এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় সচল করার ব্যয় ক্রমাগত বাড়ছে।
দ্য ওয়াশিংটন টাইমসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির জন্য ইরানি কর্মকর্তারা ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং মার্কিন সামরিক অভিযান বন্ধ করার শর্ত দিয়েছে।
ক্রিস মারফি আরো বলেন, 'এই সংঘাত থামানো জরুরি। কারণ যুদ্ধ যত দিন চলবে, মার্কিন যুক্তরাষ্ট্র তত দুর্বল হবে আর ইরান শক্তিশালী হবে। এর সাথে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ায় চরম ভোগান্তিতে পড়বে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ।'
তিনি স্পষ্ট জানান, লড়াই চালিয়ে যাওয়ার জন্য কোনো অতিরিক্ত সামরিক তহবিলের পক্ষে তিনি ভোট দেবেন না। তবে সংঘাত পুরোপুরি শেষ হওয়ার পর মার্কিন গোলাবারুদের ঘাটতি পূরণ ও তা পুনরায় সরবরাহের উদ্যোগে সমর্থন দেবেন।



