ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এই সপ্তাহে আড়াই বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সঙ্কট ও মূল্যবৃদ্ধি ইউরোজোনে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে।
দীর্ঘ সময় ধরে ইসিবি সুদের হার অপরিবর্তিত রেখেছিল, কারণ ইউরোজোনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল।
কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের সঙ্ঘাতের কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি খরচ বেড়েছে, যা সরাসরি ইউরোপের বাজারে প্রভাব ফেলছে।
মে মাসে ইউরোজোনের ২১টি দেশের মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা ইসিবির ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
বিশ্লেষকরা অনুমান করছেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মূল আমানত হার এক-চতুর্থাংশ শতাংশ বাড়িয়ে ২ শতাংশ থেকে ২ দশমিক ২৫ শতাংশ করা হতে পারে।
সূত্র: বাসস



