ইরানের ওপর অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ চাপিয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইলেও শেষ পর্যন্ত সেই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্যই বেশি ব্যয়বহুল হতে পারে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহিবি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অর্থনীতিতে ১ ডলারের ক্ষতি করতে চায়, তাহলে ওয়াশিংটনকে নিজেরই কয়েক ডলারের ক্ষতি ও ব্যয় বহন করতে হতে পারে।
আল জাজিরা রোববার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, মেহর বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিবি এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সামরিক শক্তির জোরে ওয়াশিংটন তেহরানকে নতিস্বীকারে বাধ্য করতে পারবে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভিন্ন বাস্তবতাই সামনে এনেছে। মোহিবির ভাষায়, বিশাল ঋণের বোঝায় জর্জরিত যুক্তরাষ্ট্র এখন চীনসহ বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নিষেধাজ্ঞার নীতি চালিয়ে ওয়াশিংটন শেষ পর্যন্ত সফল হতে পারবে না।
ইরানের ওপর বছরের পর বছর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করেও ওয়াশিংটন যে তেহরানকে নিজের ইচ্ছামতো নত করতে পারেনি, আইআরজিসির এই বক্তব্যে সেই বার্তাই আবারও উঠে এসেছে।



