সৌদি আরবের সাথে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে। নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ খবর এমন সময় এলো, যখন উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রফতানিকারক সৌদি আরব এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছিদের মধ্যে সঙ্ঘাত আবারো তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার সৌদি আরবের সাথে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করার পরিকল্পনা করেছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের আয় হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ৩০ বছরের এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যৌথ সমীক্ষায় প্রয়োজনীয়তা নিশ্চিত হলে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করবে।
তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কয়েকজন আইনপ্রণেতা এবং ইসরাইলের কিছু কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার বিরোধিতা করেছেন বলে জানা গেছে। তাদের আশঙ্কা, এই কর্মসূচি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।
সূত্র : বিবিসি



