যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সামরিক হামলা বন্ধ ও সমঝোতা অনুযায়ী পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়ে দেশ দুটির সাথে নতুন করে যোগাযোগ শুরু করেছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সরকারি সূত্র আনাদোলু বার্তা সংস্থাকে নিশ্চিত করেছে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আলোকে ওয়াশিংটন এবং তেহরানকে বৈরিতা বন্ধ করতে রাজি করানোর জন্য কাজ চলছে। মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে যুক্ত একটি সূত্র জানিয়েছে, 'আমরা কাতারকে সাথে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সাথে যোগাযোগ রাখছি যাতে উভয় পক্ষ শত্রুতা দূর করে চুক্তির শর্ত অনুযায়ী আলোচনায় ফিরে আসে।'
এদিকে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খার্গ দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার গুজব নাকচ করে দিয়েছেন বুশেহরের গভর্নর। ইরানের ছাত্র সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, গভর্নর বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে বুশেহর কাউন্টির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন গভর্নর।



