- ফারজানা খাতুন
“সৃজনশীলতার শুভক্ষণে দাঁড়িয়ে আজ রিয়াদ” — আরব নিউজের জাসমিন বাগেরকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াদকে তরুণ প্রতিভাকেন্দ্রিক এক সম্ভাবনাময় বাজার হিসেবে তুলে ধরলেন পাবলিসিস গ্রুপের সিইও বাসেল কাকিশ।
সৌদি আরবের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের কেন্দ্রবিন্দু এখন রাজধানী রিয়াদ। কাকিশ জানান, তাদের মূল লক্ষ্য রাজকীয় এই রাজধানীতে নতুন করে সৃজনশীলতার আমেজ ফিরিয়ে আনা এবং তরুণদের মূলধারায় যুক্ত করা। সৃজনশীল কৌশল, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ৩ হাজারের বেশি পেশাদারের দল পরিচালনা করা কাকিশের মতে, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে রিয়াদ এখন দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
বর্তমানে চতুর্থ বছরে পদার্পণ করা দুবাইভিত্তিক ‘ইয়ং লিনাক্স একাডেমি’ ধারাবাহিকভাবে সবচেয়ে উজ্জ্বল ও উদ্ভাবনী সৃজনশীল তরুণদের খুঁজে বের করছে, যাতে তাদের ওয়ার্কশপ এবং বাস্তব জীবনের প্রজেক্টের মাধ্যমে একটি গভীর, ব্যবহারিক অভিজ্ঞতার ভেতর দিয়ে গড়ে তোলা যায়।
সম্প্রতি এই একাডেমি প্রতিবেশী দেশ সৌদি আরবেও কাজ শুরু করেছে।
তিনি বলেন, "নতুন প্রতিভাদের ইন্ডাস্ট্রি বা শিল্পখাতের গুরুত্ব বোঝাতে এবং তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ করে দিতে এই একাডেমি আজ এক অনন্য স্তম্ভ হিসেবে কাজ করছে।"
ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে দুটি বিশেষ প্রোগ্রাম
ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে পাবলিসিস গ্রুপ মূলত দুটি প্রধান উদ্যোগ নিয়ে কাজ করছে। এর একটি হলো ৩০ বছর বা তার কম বয়সী মেধাবীদের জন্য ‘ইয়ং লিনাক্স একাডেমি’, যেখানে অংশগ্রহণকারীরা দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং একটি ২৪ ঘণ্টার হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। আগামী ১৪-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রোগ্রামের আবেদনের শেষ সময় ১৩ আগস্ট।
অন্যদিকে, সৌদি ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির ‘আথার’-এর সহযোগিতায় পরিচালিত ‘মাহিরাহ’ প্রোগ্রামটি ক্রিয়েটিভ খাতে কর্মরত নারীদের নেতৃত্ব বিকাশে কাজ করছে, যা এ পর্যন্ত ৩০০-এর বেশি নারীকে সমৃদ্ধ করেছে। ২৩-২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নারী ক্ষমতায়ন কর্মসূচির আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর।
‘তরুণ’ মানে বয়সের ফ্রেমে বন্দি কিছু নয়
তিন সন্তানের পিতা বাসেল কাকিশ বয়সের ফ্রেমে তরুণদের বন্দি করতে চান না। তিনি বলেন, "আমি আমার সন্তানদের কাছ থেকে নতুন করে কৌতুহলী হতে শিখেছি, কারণ তারা কোনো পূর্বধারণা বা বাঁধাধরা নিয়ম ছাড়াই নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু দেখতে পারে।"
তার মতে, যে কোনো মুক্তমনা মানুষ যিনি বিশ্বাস করেন যে সম্ভাবনার সীমা অসীম, তিনিই প্রকৃতপক্ষে তরুণ।
এআই (AI) আসলে ‘কৃত্রিম’ নয়, এটি ‘উন্নত’ বুদ্ধিমত্তা।
আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে বেশ বিতর্ক ও আলোচনা হলেও, কাকিশ এটিকে একটু ভিন্ন চোখে দেখেন।
তিনি বলেন, "আমি কোনো দার্শনিক কথাবার্তা বলতে চাই না, তবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটির মধ্যে আমি ‘আর্টিফিশিয়াল’ বা কৃত্রিম অংশটি দেখি না’’।
এটি প্রকৃতপক্ষে ‘অ্যাডভান্সড ইন্টেলিজেন্স’ বা উন্নত বুদ্ধিমত্তা। কারণ ‘আর্টিফিশিয়াল’ বললে মনে হয় কোনো কিছু ভুয়া বা কৃত্রিম। এটি হলো এমন উন্নত বুদ্ধিমত্তা যা মানুষের মস্তিষ্ক বিশাল পরিসরে বা দ্রুত গতিতে করতে পারে না সেই কাজকেই সহজ করে দেয়।
বিশ্ব ও স্থানীয় সংমিশ্রণে ‘গ্লোকাল’ বাজার
কাকিশের মতে, বিশ্বমানের প্রযুক্তি এবং স্থানীয় মেধার সমন্বয়ে সৌদি আরব এখন এক পরিপক্ক ও "গ্লোকাল" বাজারে পরিণত হয়েছে, যা দেশের ভিশন ২০৩০ বাস্তবায়নে বড় অবদান রাখছে।
কাকিশ মনে করেন, সৌদি আরবের রাজধানীর ওপর নজর দেওয়ার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন ,"রিয়াদ সবসময়ই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল এবং এখনও আছে। এটি এমন একটি জায়গা যেখানে আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি," ।
তিনি এই শহরটিকে বর্তমান এবং ভবিষ্যতের মূল আকর্ষণ হিসেবে দেখছেন।
কথা ও কাজের এই অনন্য মেলবন্ধন সম্পর্কে কাকিশ তাঁর বক্তব্যের ইতি টানেন এভাবে—
"আমাদের প্রতিভার মানই আমাদের পরিচয়। রিয়াদেই এখন সব আয়োজন। এটি এমন একটি জায়গা যেখানে অগ্রগতি স্পষ্টভাবে দৃশ্যমান এবং এখানকার মানুষেরা যা বলে, তা বাস্তবে করেও দেখায়।"
অনুবাদ: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



