ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইরানি কুর্দি যোদ্ধা নিহত

ইরানের কুর্দিস্তান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, সুলাইমানিয়া গভর্নরেটের জার্কওয়েজলায় অবস্থিত সদর দফতরে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় আট যোদ্ধা শহীদ হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইরাকে এক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট ইরানি কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। রুদাউ মিডিয়া নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে অবস্থিত ইরানের কুর্দিস্তান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, ‘সুলাইমানিয়া গভর্নরেটের জার্কওয়েজলায় অবস্থিত আমাদের সদর দফতরে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সেখানে আগুন ধরে যায়।’

তিনি জানান, এই হামলায় আট যোদ্ধা শহীদ হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

কোমালা পার্টির ইদ্রিস কোলওয়াজি বার্তাসংস্থা এএফপিকে বলেন, এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে।

ইরাকি কুর্দিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বিভিন্ন ইরানি কুর্দি গোষ্ঠী উত্তর ইরাকে এবং ইরাক-ইরান সীমান্ত বরাবর তাদের ঘাঁটি থেকে দীর্ঘদিন ধরে তেহরানের বিরোধিতা করে আসছে।

গত মার্চ মাসে ইরান প্রতিবেশী ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরানি ও ইরাকি কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করেছিল।

সূত্র: আল জাজিরা