যুক্তরাষ্ট্রের হামলা নতুন করে শুরু হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে এবং ভৌগোলিকভাবে চারদিকে ছড়িয়ে পড়বে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।
এএফপির বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন রোববার (২৬ জুলাই) জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া দেশটির রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 'মার্কিনিরা যদি আবারো ইসরাইলের প্ররোচনায় পা দেয় বা তাদের সাথে তাল মিলিয়ে চলে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়—বিশেষ করে বিমান হামলা অব্যাহত রাখে—তবে এই যুদ্ধের পরিধি আরো বাড়বে।'
তিনি জানান, লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মানদেব প্রণালী পর্যন্ত যুদ্ধ ইতিমধ্যেই বিস্তৃত হয়েছে। ইয়েমেনের হাউসি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনাই এর প্রমাণ।
আকরামিনিয়া বলেন, 'ইরানের সামরিক অভিযানের সীমা এখন পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত। জর্দানের মার্কিন ঘাঁটি থেকে শুরু করে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো পর্যন্ত সব তেহরানের আওতায় রয়েছে।' তিনি আরো উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন বেশ নড়বড়ে ও কঠিন হয়ে পড়েছে। তাই ওয়াশিংটন এখন নতুন কোনো কৌশলের খোঁজে আছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি বা পদক্ষেপ মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর-এর এক মুখপাত্র অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্টকে ভুল তথ্য দিয়ে উসকানি দিচ্ছে ইসরাইল। মূলত মার্কিন বাহিনীকে এই অঞ্চলে আটকে রাখার জন্যই তারা এমন চক্রান্ত করছে।
গার্ড কোরের ঐ মুখপাত্র আবারো সতর্ক করে বলেন, 'ইসরাইল যদি ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়ায়, তবে আমরা সেই শাসকগোষ্ঠীকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দেব।'



