নেতানিয়াহু সরকারের 'বেপরোয়া' নীতির কারণে ইসরায়েলি সেনাদের চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সে দেশের বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের সহিংসতার পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদালু সোমবার (২৭ জুলাই) এ কথা জানিয়েছে।
এরপর সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইয়ার গোলান বলেন, 'নেতানিয়াহু, আমরা কিন্তু আগামী নির্বাচনে আপনাকে সরাতে আসছি।'
এর আগে শনিবারও সামাজিক মাধ্যমে এক বার্তায় গোলান সতর্ক করে জানান, নেতানিয়াহু সরকার পশ্চিম তীরকে একটি 'বারুদের স্তূপ' বানিয়ে ফেলছে, যা গোটা ইসরাইলেরে নিরাপত্তার জন্যই বড় ঝুঁকি। কট্টরপন্থী দখলদারেরা মাসের পর মাস ধরে পরিকল্পিতভাবে উত্তেজনা উসকে দিচ্ছে, যা সেনাবাহিনীকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন সেনাবাহিনী আর দখলদারেরা মিলে পশ্চিম তীরের নাবলুসের কাছে তাল গ্রামে হামলা চালায়। সেই সংঘাত ও গোলাগুলিতে চারজন ফিলিস্তিনি প্রাণ হারান, আর নিহত হন দুজন ইসরায়েলি।
ঘটনার পর থেকে পুরো এলাকা ঘাটবাট বন্ধ করে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক হারে শুরু হয়েছে গণগ্রেপ্তার, আর পুরো পশ্চিম তীর জুড়ে বড় ধরণের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি চলছে।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর এলাকায় ইসরাইলি সামরিক বাহিনী ও চরমপন্থী দখলদারদের হাতে অন্তত ১,১৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর হাজার হাজার মানুষ আহত বা আটক হয়েছেন।



