আল-আকসা ঘিরে ধর্মীয় সঙ্ঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

ফিলিস্তিনি প্রেসিডেন্সি বলেছে, ধর্মীয় স্থাপনাগুলোতে বারবার হামলা এবং এর সাথে উসকানিমূলক কর্মকাণ্ড চলমান থাকার সম্পূর্ণ দায় ইসরাইলি সরকারের। এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে ক্রমেই একটি বিপজ্জনক সঙ্ঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় বৃহত্তর ধর্মীয় সঙ্ঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্সি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্সি বলেছে, পবিত্র আল-আকসা মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ‘সব সীমা অতিক্রম করেছে’। এসব কর্মকাণ্ড অঞ্চল ও বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং ব্যাপক ধর্মীয় সঙ্ঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

বিবৃতিতে বলা হয়, নাবলুসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেইতা শহরের একটি মসজিদে আগুন দেয়ার চেষ্টা এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখার ঘটনা এমন সময় ঘটেছে, যখন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্সি বলেছে, ধর্মীয় স্থাপনাগুলোতে বারবার হামলা এবং এর সাথে উসকানিমূলক কর্মকাণ্ড চলমান থাকার সম্পূর্ণ দায় ইসরাইলি সরকারের। এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে ক্রমেই একটি বিপজ্জনক সঙ্ঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে এসব কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র : আল জাজিরা