ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসা ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় একজন নিহত এবং আরো চারজন আহত হন।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে বন্দর এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, গাজা শহরের জেইতুন এলাকায় ইসরাইলি হামলায় একজন এবং তুফাহ এলাকায় দু’জন নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলি হামলায় এক হাজার ১২৭ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭৩ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



