নতুন করে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গত এপ্রিলে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। এরই প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীবন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গত এপ্রিলে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। এরই প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীবন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল এ সিদ্ধান্তের আওতায় পড়বে। পাশাপাশি প্রণালী অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় পরিচালিত হামলাগুলো ছিল দেশটির “অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের” জবাব।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা।