ইরানি স্পিকার বাঘের ঘালিবাফ

যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব, মধ্যপ্রাচ্যের সঙ্কটের জন্য দায়ী ইসরাইল

ঘালিবাফ বলেন, “এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতি এখন সময়ের দাবি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা অপরিহার্য।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের ভাবমূর্তি ভেঙে গেছে। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট ও অস্থিরতার জন্য ইসরাইলকে দায়ী করেছেন।

বুধবার (২৪ জুন) ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে তার এ বক্তব্য তুলে ধরা হয়।

ঘালিবাফ বলেন, “এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতি এখন সময়ের দাবি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা অপরিহার্য।

তুরস্কের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের একটি সমঝোতা কাঠামোতে সম্মত হয়েছে। এ সময়ের মধ্যে উভয় দেশ নিয়মিত বৈঠকের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্পিকার বাঘের ঘালিবাফ।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে কয়েকটি আরব দেশ উদ্বেগ প্রকাশ করে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা সফলভাবে হামলা পরিচালনা করতে সক্ষম হয়েছে।

বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। আঞ্চলিক মিত্রদের সাথে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সূত্র: আল জাজিরা ও তাসনিম নিউজ