সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন লাঞ্চার জব্দ করল ইরাক

হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন লাঞ্চার বা উৎক্ষেপণ মঞ্চ জব্দ করেছে ইরাকি কর্তৃপক্ষ
ড্রোন লাঞ্চার বা উৎক্ষেপণ মঞ্চ জব্দ করেছে ইরাকি কর্তৃপক্ষ |সংগৃহীত

ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন লাঞ্চার বা উৎক্ষেপণ মঞ্চ জব্দ করেছে ইরাকি কর্তৃপক্ষ। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু রোববার (১৩ সেপ্টেম্বর) জানায়, ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের প্রধান সাদ মান শনিবার বলেন, ইরাকি ভূখণ্ডের ভেতরে ওই ড্রোন উৎক্ষেপণ মঞ্চটির সন্ধান পেয়ে তা জব্দ করা হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'গোয়েন্দা ও নিরাপত্তা টাস্কফোর্স ব্যাপক প্রচেষ্টা চালিয়ে ইরাকি ভূখণ্ডের ভেতরে উৎক্ষেপণ মঞ্চটির সন্ধান ও তা জব্দ করতে সক্ষম হয়েছে।'

সাদ মান আরো বলেন, শুধু উৎক্ষেপণ মঞ্চ জব্দ করাই নয়, হামলায় জড়িতদের শনাক্ত করতে মাঠপর্যায়ে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় কারিগরি নথিপত্র পরীক্ষা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণসহ তদন্ত প্রক্রিয়া চলছে।

তিনি জানান, গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য বিনিময়ে বাগদাদ ও রিয়াদ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এর আগে, শনিবার ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তারে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান অব্যাহত রেখেছে।

আইএনএ আরো জানায়, ইরান ও ইরাকের সীমান্তের কাছে ড্রোন উৎক্ষেপণ মঞ্চ পাওয়া যাওয়ার পর যৌথ তদন্তের জন্য ইরানের একটি অনুরোধ অনুমোদন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি।

শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি সম্পদের ক্ষতি হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের প্রধানমন্ত্রী তাঁর সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ দিতে অনুরোধ করায় এ পর্যায়ে হামলার জবাব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। ইরাকি ভূখণ্ড যাতে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর ওপর হামলায় ব্যবহার না হয়, সে জন্য ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।