ইরানের ওপর নতুন কোনো হামলা হলে তার জবাব আর আগের মতো হবে না। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এবার আরো দ্রুত, কঠোর ও বেদনাদায়ক পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

মোহাম্মদ বাকের গালিবাফ
আল জাজিরা রোববার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, গালিবাফ বলেছেন, ইরানে যেকোনো হামলা হলে তা ‘আরও দ্রুত, আরও কঠোর এবং আরও বেদনাদায়ক জবাবের’ মুখোমুখি হবে। গালিবাফ আরো বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে ইরান আর ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’র নীতি অনুসরণ করবে না। তাঁর ভাষায়, ‘আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, “সমানুপাতিক জবাবের” যুগ শেষ হয়ে গেছে।’ গালিবাফ আরও বলেন, ‘আগ্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক অভিযান ছিল কেবল শুরু। তারা যদি এখনো বিষয়টি বুঝতে না পারে, তাহলে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের বুঝতে হবে, খেলার নিয়ম বদলে গেছে।’
তাঁর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানো হলে পাল্টা প্রতিক্রিয়ার মাত্রাও বাড়বে। অর্থাৎ ওয়াশিংটন কিংবা তার মিত্ররা যদি আগের হিসাব-নিকাশেই তেহরানের জবাব মাপতে যায়, তাহলে ভুল করার আশঙ্কা আছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার মতোই দেশটি মার্কিন অর্থনৈতিক চাপও কাটিয়ে উঠবে। তাঁর ভাষায়, ‘আমরা যেভাবে সামরিক ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করেছি, সেভাবেই দেশটির অর্থনৈতিক অভিযানও কাটিয়ে উঠব।’



